ঘাটাইলে রাতের আধারে সরকারি গাছ কেটে বাড়ি নির্মাণ

অনলাইন নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬ ৭:৪৮ পিএম
ঘাটাইলে রাতের আধারে সরকারি গাছ কেটে বাড়ি নির্মাণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মালিকানাধীন রাস্তার পাশের পাঁচটি গাছ কেটে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ছোট জীবন ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১৩ অক্টোবর উপজেলার জামুরিয়া ইউনিয়নের নন্দনগাতী গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কাটা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকার বেশি বলে দাবি করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি গাছ কাটার ঘটনার সত্যতা পান বলে জানান। পরে নির্মাণকাজ বন্ধ করে দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘাটাইল থেকে ভূঞাপুরগামী সড়কের জামুরিয়া ইউনিয়নের নন্দনগাতী গ্রামে রাস্তার পাশে এলজিইডির মালিকানাধীন আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ ছিল। অভিযোগ রয়েছে, গাছগুলো কেটে সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন ছোট জীবন ঘোষ। তিনি স্থানীয় বাজারে দই ও মিষ্টির ব্যবসা করেন বলে জানা গেছে।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে গাছ কাটার ঘটনার সত্যতা পাওয়ার পর নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক জহুরুল ইসলাম জানান, গাছগুলো কাঠ ব্যবসায়ী নাসির উদ্দিনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দা রমজান আলী (৩০) বলেন, বাড়ি নির্মাণের কাজ শুরুর আগেই গাছগুলো কেটে ফেলা হয়।

এ বিষয়ে বাড়ির মালিক ছোট জীবন ঘোষ বলেন, সেখানে পাচটি গাছ ছিল। তিনি গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছেন বলে স্বীকার করেন।

উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি মালিকানাধীন গাছ কাটার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা এখন দেখার বিষয়। ঘটনার বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...