যত দিন হকাররা বসবেন, তত দিন অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার মূল রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার অংশ হিসেবে নিউমার্কেট এলাকায় উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যত দিন হকাররা রাস্তায় বসবেন, তত দিন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানকালে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দলীয় নেতাকর্মী এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে আবদুস সালাম বলেন, সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে আজও আমরা নিউমার্কেট এলাকায় এসেছি। এর আগেও এখানে অভিযান চালানো হয়েছে। কিন্তু বারবার অনুরোধ করা সত্ত্বেও হকাররা আবারও রাস্তায় দোকান নিয়ে বসছেন। এ বিষয়ে তাদের সতর্ক করে তিনি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে আপনারা এ কাজ থেকে বিরত থাকবেন। অন্যথায়, আপনাদের মালামাল জব্দ এবং আপনাদের বিরুদ্ধে মামলা দিতে আমরা বাধ্য হব।’
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, এলাকার নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নিউমার্কেটের সামনের সড়কে কোনো দোকান বা হকার বসতে দেওয়া যাবে না। পুরো এলাকা পরিষ্কার রাখতে হবে। এ বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে। কারণ, নিউমার্কেট ঢাকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। কাজেই নিউ মার্কেটের পাশের ফুটপাত পরিষ্কার রাখতে হবে। কোনোভাবেই যেন জনগণের চলাচলে অসুবিধা না হয়, সে বিষয়েও খেয়াল রাখতে হবে।
আবদুস সালাম বলেন, আমরা আশা করবো, আজকের এই অভিযান পরিচালনার পরও যেন এই অবস্থা বহাল থাকে। এ জন্য স্থানীয় নেতাদের সহযোগিতা করার আহ্বান জানাবো। যত দিন হকাররা বসবেন, তত দিন অভিযান চলবে। এ বিষয়ে কোনও ছাড় নেই। অভিযান অবশ্যই ফলপ্রসূ হবে। ফলপ্রসূ হওয়া ছাড়া কোনও বিকল্প নেই। কারণ, আমরা কোনোভাবেই রাস্তায় হকার বসতে দেবো না। এটা পরিষ্কার কথা।
হকার নীতিমালায় হকারদের সার্ভিস চার্জ প্রসঙ্গে প্রশাসক জানান, হকারদের পক্ষ থেকে সার্ভিস চার্জ কমানোর যে দাবি জানানো হয়েছে, তা ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত জানালে সে অনুযায়ী তালিকা প্রণয়ন করা হবে এবং এই তালিকার বাইরে কাউকে কোথাও বসার সুযোগ দেওয়া হবে না।
এলাকার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় নেতা, ব্যবসায়ী সংগঠন ও সর্বস্তরের মানুষকে ডিএসসিসি-কে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।


