আড়াই বছর পর চাকরি গেল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনের

অনলাইন নিউজ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬ ৪:৪০ পিএম
আড়াই বছর পর চাকরি গেল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনের

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বে অনুপস্থিত থাকা ও কর্মস্থল ত্যাগের অভিযোগে হারুন অর রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে হারুন অর রশীদ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগের অংশ হিসেবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি লিখিত জবাব দেননি।

পরবর্তী সময়ে নিয়োগ করা তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা ‘পলায়ন’ (ডেজারশন) অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী হারুন অর রশীদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড আরোপ করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

হারুন অর রশীদ একসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিএমপির অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্বেও ছিলেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্কের মুখে পড়েন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...