ঠিকাদারের উপহারকে ঘুষ নয় বলা, মন্ত্রীদের লাগামছাড়া বক্তব্য ঘুষ-দুর্নীতিকেই উৎসাহিত করবে: জামায়াত

অনলাইন নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৬ ৪:৩৭ পিএম
ঠিকাদারের উপহারকে ঘুষ নয় বলা, মন্ত্রীদের লাগামছাড়া বক্তব্য ঘুষ-দুর্নীতিকেই উৎসাহিত করবে: জামায়াত

ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহারকে ঘুষ নয় বলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের এমন লাগামছাড়া বক্তব্য ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিকে উৎসাহিত করবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রীর এমন বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত, দায়িত্বজ্ঞানহীন ও দুর্নীতিকে উৎসাহিত করার শামিল। ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার দেওয়ার নামে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা প্রদান কোনোভাবেই নৈতিক বা আইনসম্মত হতে পারে না। উপহারের নামে এ ধরনের লেনদেন ঘুষ ও দুর্নীতিরই ভিন্ন রূপ।

তিনি আরও বলেন, সরকারি ক্রয় ও উন্নয়নকাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেখানে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর এমন বক্তব্য দুর্নীতিবিরোধী অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের প্রবণতা বাড়াতে পারে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয়, অনিয়ম ও দুর্নীতির পথ আরও প্রশস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এডভোকেট জুবায়ের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান হতে হবে আপসহীন। উপহারের নামে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে এবং এ ধরনের বক্তব্যের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে।

বিবৃতিতে তিনি গত ১৯ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া একটি বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি বলেন, মন্ত্রী ‘সড়কে যানবাহন থেকে সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকা চাঁদা নয়’ বলে মন্তব্য করেছিলেন, যা নিয়ে তিনি তীব্র সমালোচিত হন।

এডভোকেট জুবায়ের বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিকে উৎসাহিত করে এমন বক্তব্য তাদের শপথ ও পদমর্যাদার সাথে সাংঘর্ষিক। তাদের এমন বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত প্রত্যেক ব্যক্তিকে সততা, নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...