রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তারেক রহমান- এরদোয়ান আলোচনা

অনলাইন নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৬ ৯:৫৯ এএম
রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তারেক রহমান- এরদোয়ান আলোচনা

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ, জ্বালানি ও খনিজ সম্পদ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি এ খাতে দুই দেশের যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তিনি। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

জ্বালানি ও খনিজ সম্পদে সহযোগিতা

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভিযোজন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন কামনা

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতি এবং মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য দেশটির প্রতি ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...