বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা!
রেজাউল করিম , সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে মানববন্ধন করেছেন এক পরিবারের সদস্যরা। বিরোধপূর্ণ জমির সঠিক সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন তারা। জমির মালিকানা দাবি করে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে বেলকুচি পৌরসভা এলাকায় মুকুন্দগাঁতী মৌজার বিরোধপূর্ণ জমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলকুচি সরকারি কলেজের গেট থেকে পৌরসভার গেট পর্যন্ত মানববন্ধনে হাফিজুর রহমান ও তার পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্যে হাফিজুর রহমান দাবি করেন, মুকুন্দগাঁতী মৌজার আরএস ৯০৯ নম্বর দাগের ৭ দশমিক ২৫ শতাংশ জমি তাদের পৈতৃক সম্পত্তি। এ জমি নিয়ে পূর্বে আওয়ামী লীগ সরকারের সময় তাদের ওপর নানা অত্যাচার ও হয়রানি করা হয়েছে। বর্তমানে জমিটি নিয়ে বিরোধ চলমান রয়েছে এবং আদালতে মামলাও হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, মামলা চলমান থাকা অবস্থায় কোনো রায় হওয়ার আগেই প্রশাসনের মাধ্যমে তাকে হয়রানি করা হয়েছে এবং জেলেও পাঠানো হয়। পরে তিনি জেল থেকে বের হয়ে আসেন। এরপর মামলা নিষ্পত্তি না হওয়া অবস্থায় পুলিশের সহযোগিতায় প্রতিপক্ষ জমিতে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন।
হাফিজুর রহমান ও তার পরিবারের দাবি, আরএস ৩৪২ নম্বর খতিয়ানের মোট ২৯ শতাংশ জমির মধ্যে ৭ দশমিক ২৫ শতাংশ জমি তার বাবা আব্দুস সামাদ এবং চাচা আজাহার আলী ও মোজাম্মেল হক ক্রয়সূত্রে মালিক হন। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন।
তাদের অভিযোগ, প্রতিপক্ষ শামিম আরা ওরফে সামু বেওয়া জমিটির মালিকানা দাবি করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। পাশাপাশি জমিতে অবৈধভাবে প্রবেশ ও বাড়িঘর নির্মাণের আশঙ্কায় তারা জমির চারপাশে টিনের বেড়া দিয়েছেন বলে জানান।
মানববন্ধনে পৃথক বক্তব্যে আজাহার আলী, আব্দুস সামাদ ও মোজাম্মেল হকও জমিটির রেকর্ডীয় মালিকানা দাবি করেন। তাদের অভিযোগ, জমি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও অন্যান্য মানহানিকর অভিযোগ তোলা হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত পরিবারের সদস্যরা জমিটির মালিকানা নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ভূমি অফিস ও প্রশাসনের মাধ্যমে জমির দলিল, খতিয়ানসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ এড়াতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
জমিটির প্রকৃত মালিকানা নির্ধারণে উভয় পক্ষের বক্তব্য, দলিল ও সংশ্লিষ্ট রেকর্ড যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও আইনগত সিদ্ধান্তই বিরোধ নিষ্পত্তির পথ তৈরি করতে পারে।


