প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু

অনলাইন নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৬ ৭:৪৩ পিএম
প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার বেবিস্ট্যান্ডে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।

এতে শিক্ষার্থীদের গরুর মাংস, ডাল ও ভাত পরিবেশন করা হয়। প্রতিমন্ত্রী নিজেও এতিম শিক্ষার্থীদের সঙ্গে বসে দুপুরের খাবার খান।

এর আগে ঢাকা থেকে টাঙ্গাইলে এসে বেবিস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া চান।

নামাজ শেষে মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। এ ছাড়া মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিরাও অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...