ঘাটাইলে গহীন বনে অবৈধ সিসা কারখানা, হুমকিতে জীববৈচিত্র

অনলাইন নিউজ ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬ ৯:৪৩ পিএম
ঘাটাইলে গহীন বনে অবৈধ সিসা কারখানা, হুমকিতে জীববৈচিত্র

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুরের মালিরচালা এলাকায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অবৈধ কারখানা গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বিষাক্ত রাসায়নিক পদার্থে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ ব্যাপক ক্ষতির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এ ছাড়া বিষাক্ত কালো ধোঁয়ায় বনের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলার সাগরদীঘি ইউনিয়নের মালিরচালা এলাকায় গহিন বনের ভেতর গড়ে ওঠা অবৈধ এই সিসা কারখানাটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও পুরোনো ব্যাটারি পুড়িয়ে সেখানে সিসা উৎপাদন করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় কয়েকজন বিএনপি নেতার ছত্রচ্ছায়ায় বনের ভেতর পতিত জমি ভাড়া নিয়ে কারখানাটি পরিচালনা করছেন সিসা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক রহমতুল্লাহ। সেখানে পুরোনো ব্যাটারি সংগ্রহ করে তা ভেঙে সিসা, অ্যাসিড ও অন্যান্য উপাদান আলাদা করছেন শ্রমিকেরা। কারখানাটিতে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক মিলিয়ে প্রায় অর্ধশত শ্রমিককে কাজ করতে দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় ব্যাটারি ভেঙে অ্যাসিড, সিসা ও প্লাস্টিক আলাদা করা হয়। পরে রাতে মাটির গর্তে এসব উপাদান পুড়িয়ে সিসা তৈরি করা হয়। এ সময় আশপাশের এলাকায় তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। কারখানার বর্জ্য ও ধোঁয়ার কারণে আশপাশের ফসল ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দা পরান বলেন, দিনে ব্যাটারির অ্যাসিডমিশ্রিত সিসা ও প্লাস্টিক আলাদা করা হয়। শুনেছি, রাতে সেগুলো পোড়ানো হয়। এ সময় বিষাক্ত রাসায়নিক পদার্থ নির্গত হয়। এতে বনের গাছসহ বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, বেশ কিছুদিন আগে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেয়। কিছুদিন বন্ধ থাকার পর আবার অদৃশ্য মহলের সহায়তায় কারখানাটির কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

তিনি আরও জানান, ঢাকার রহমাতুল্লাহ নামের এক ব্যবসায়ী স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় দিনে পুরোনো ব্যাটারি সংগ্রহ করে সেগুলো ভাঙেন এবং সারা রাত আগুনে পোড়ান। অ্যাসিড ও ব্যাটারি পোড়ানোর কারণে এলাকার চারদিকে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। তিনি কয়েকবার তাদের নিষেধ করেছেন বলেও জানান।

কারখানার ম্যানেজার বলেন, কারখানাটি বৈধ নয়। অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এখনো অনুমোদন পাওয়া যায়নি। তবে নির্জন বনের ভেতর কারখানাটি স্থাপন করায় পরিবেশের তেমন কোনো ক্ষতি হবে না।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার জানান, ঘাটাইলের ওই সিসা কারখানাটি সম্পূর্ণ অবৈধ। কারখানায় রাতের আঁধারে ব্যাটারি পোড়ানো হয়। রাতের বেলায় অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। তারপরও অতি দ্রুত কারখানাটিতে অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...